কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি'র (সিওইউডিএস) উদ্যোগে ৪র্থ ডিবেটর সার্চ প্রোগ্রাম-২০১৯ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ এবং রানারআপ হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী আহমাদুল্লাহ।
রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক তানভীর সাবিকের সঞ্চালনায় এবং সভাপতি ফারিদ মুস্তাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।
আরও পড়ুন: সবুজের জয়, প্রস্তুতি ম্যাচ খেলছেন না সাকিব
এছাড়া বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন ড.জি.এম. মনিরুজ্জামান, আইন বিভাগের সভাপতি রোকসানা আক্তার, সাংবাদিকতা বিভাগের সভাপতি মোঃ বেলাল হুসাইনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘বিতর্ক শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি করে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর বিতর্ক অনুশীলন করা অত্যন্ত জরুরি। এতে তাদের ভাষাগত মাধুর্যতার উন্নতি হয়। যা তাদের পরবর্তী জীবনে সহায়ক।’ পরে উপাচার্য চ্যাম্পিয়ন ও রানারআপ দলের সদস্যদের পুরস্কার তুলে দেন। এছাড়াও অনুষ্ঠানে ১০ জন উদীয়মান বিতার্কিককে ক্রেস্ট প্রদান করা হয়।
ইত্তেফাক/এমআরএম