করোনার সুযোগে বিরোধীদের দমন করছে আইএসআই

বর্তমানে বিশ্বের প্রায় সব রাষ্ট্রের মনযোগ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে। আর এই সুযোগে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স (আইএসআই) তাদের বিরোধীদের দমন করছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি পাকিস্তানের বেলুচিস্তানের সাংবাদিক সাজিদ হুসাইন এবং ওয়াজিরিস্তানের মানবাধিকার সংস্থা পশতুন তাহাফুজ মুভমেন্টের (পিটিএম) সদস্য আরিফ ওয়াজিরের হত্যাকাণ্ড সেই অভিযোগকেই সমর্থন করে।

নিখোঁজের একদিন পর সুইডেনে রহস্যজনক অবস্থায় পাওয়া যায় বেলুচিস্তানের সাংবাদিক হুসাইনের মরদেহ। আর আরিফ ওয়াজির পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা এলাকায় বন্দুকধারীদের গুলিতে নিহত হন।    

পশতুন তাহাফুজ মুভমেন্ট (পিটিএম)  পাকিস্তানে বাস করা উপজাতিদের অধিকার আদয়ে সোচ্চার একটি মানবাধিকার সংস্থা । উপজাতিদের জন্য পাকিস্তান সরকারের নীতির ঘোর সমালোচক হিসেবেও পরিচিত এই পিটিএম। সম্প্রতি পাকিস্তান সরকার ওয়াজিরিস্তানের উপজাতি এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান চালায় । এর কারণে অনেক মানুষ ওয়াজিরিস্তান থেকে বাধ্য হয়ে অন্যত্র চলে গেছে, আবার অনেকেই গুম হয়েছেন বলে অভিযোগ রয়েছে। ২০১৮ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই উপজাতি অঞ্চলে পাক সেনাদের অভিযানের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে পিটিএম। 

সূত্র এবং বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই'র ইন্ধনে সুইডেনে সাংবাদিক সাজিদ হুসাইনকে হত্যা করা হয়। সূত্রের দাবি, করোনা মহামারির সুযোগে বিশ্বের নজর এখন পাকিস্তানের দিকে কম আর এই সুযোগে তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে বিরোধীদের হত্যা করছে।  

বেলুচিস্তানের রাজনৈতিক কর্মীরা মনে করেন, পাকিস্তানের সেনাবাহিনীর মুখোশ উন্মোচন করে দেয়ার কারণেই গোয়েন্দাদের দিয়ে হত্যা করা হয়েছে সাংবাদিক সাজিদ হুসাইনকে। তাদের দাবি, পাকিস্তানের সেনাবাহিনী এবং গোয়েন্দারা বেলুচিস্তান, সিন্ধ, খাইবার পাখতুয়ান প্রদেশের অনেক রাজনৈতিক কর্মী, শিক্ষার্থী, সাংবাদিকদের হত্যা এবং গুম করেছে।

এই বিষয়ে লন্ডন ভিত্তিক সাংবাদিক ফাইজ বেলুচ সংবাদ সংস্থা এএনআইকে বলেন, এটা বেলুচিস্তানের অভিবাসিদের জন্য একটি শঙ্কার বিষয় যে তারা সুইডেনের মত দেশেও নিরাপদ নয়। এটা সুইডেন সরকারেরও ব্যর্থতা কারণ তারা যাদের আশ্রয় দিয়েছে তাদের রক্ষা করতে পারছে না।

(ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস থেকে অনুবাদ)

ইত্তেফাক/এআর