রাণীশংকৈলে ঝড়ে লণ্ডভণ্ড কাঁচাবাজার, বিপাকে ব্যবসায়ীরা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের গুদরিবাজার থেকে ডিগ্রি কলেজ মাঠে স্থানান্তরিত করা কাঁচাবাজার প্রচণ্ড ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে অন্তত শতাধিক দোকান মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ফলে বিপাকে পড়েছেন বাজারের কাঁচামাল ব্যবসায়ীরা।

গত রবিবার প্রবল ঝড়বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে যায় বাজারটির দোকানগুলো। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য নিরাপত্তা বিবেচনায় এসব দোকান ডিগ্রি কলেজ মাঠে সরিয়ে নেওয়া হয়েছিল।

স্থানীয়রা জানায়, চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গুদরিবাজার থেকে শতাধিক দোকান রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে নিয়ে যায় প্রশাসন। টিনের চালা আর পলিথিন দিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী দোকানগুলো।

ব্যবসায়ীরা জানান, গত রবিবার (২৪ মে) রাতে প্রবল ঝড়বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় তাদের দোকানগুলো। ঝড়বৃষ্টিতে অনেক দোকানের টিনের চালা ভেঙে উড়ে যায়। ফলে দোকানে থাকা চাল-ডাল লবণ চিনিসহ অন্যান্য মালামালের ব্যাপক ক্ষতি হয়। 

খুচরা ব্যবসায়ী আনিসুর রহমান ও স্বপন সাহা জানান, ঝরে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: ৮ জুন মাঠে গড়াবে লা লিগা

এদিকে, শিবদিঘি বাজার থেকে হ্যালিপ্যাড মাঠে স্থানান্তরিত কাঁচাবারেরও অর্ধ শতাধিক দোকানের একই হাল হয়েছে। 

দোকানদারদের অভিযোগ, ক্ষতিগ্রস্ত বাজার দুইটিতে এখন পর্যন্ত প্রশাসনের কেউ কিংবা জনপ্রতিনিধিদের কেউ খোঁজ খবর নিতে আসেনি। 

ইত্তেফাক/আরআই