ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল আগামী ৫ অক্টোবর খুলে দিতে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সুপারিশ অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল। কাউন্সিলের অনুমোদনের পর এখন সিন্ডিকেট সভায় অনুমোদন পেলে হলগুলো খুলে দেওয়া হবে। তবে শুরুতে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন।
বৃহস্পতিবার বিকেলে উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক ভার্চুয়াল সভায় এ অনুমোদন দেওয়া হয়। বুধবার প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় ৫ অক্টোবর থেকে হল খোলা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও সেমিনার গ্রন্থাগারগুলো ২৬ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়ার সুপারিশ করা হয়। দুটি ক্ষেত্রেই প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র থাকার শর্ত দেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির দুটি সুপারিশ একাডেমিক কাউন্সিল অনুমোদন দিয়েছে। একটি হলো অন্তত এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র থাকা সাপেক্ষে ২৬ সেপ্টেম্বর থেকে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও সেমিনার গ্রন্থাগারগুলো সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। শিক্ষার্থীদের উপস্থিতি বেশি হলে স্বাস্থ্যবিধি মেনে সমন্বয় করে বিষয়টি কার্যকর করা হবে। দ্বিতীয়টি হলো অন্তত এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র থাকা সাপেক্ষে আগামী ৫ অক্টোবর সকাল আটটা থেকে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের হলে তোলা হবে।
ইত্তেফাক/ইউবি