৫ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত কিশোর উদ্ধার

 
নেপালে ৭.৮ মাত্রার  ভয়াবহ ভূমিকম্পের পাঁচ দিন পর ধ্বংসস্তূপের ভেতর থেকে এক কিশোরকে জীবিত উদ্ধার করা হয়েছে। পুলিশের মুখপাত্র কমল সিং বাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘১৫ বছর বয়সী এক কিশোরকে হিল্টন গেস্টহাউস নামের একটি ভবনের ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।’ 
 
দেশটি থেকে এখন পর্যন্ত সাড়ে পাঁচ হাজার জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। ধারণা করা হচ্ছে এখনো অনেক মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। খবর-বিবিসির।
 
ওই কিশোরকে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে বের করে আনার পর উপস্থিত জনতাকে উল্লাস করতে দেখা যায়। তাকে এখন একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
 
তবে খারাপ আবহাওয়ার কারণে দেশটিতে উদ্ধার তৎপরতা ব্যাহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। দেশটির প্রত্যন্ত এলাকাগুলোতে সাহায্য পৌঁছানোর জন্য সম্পূর্ণভাবে হেলিকপ্টারের ওপর নির্ভর করতে হচ্ছে। রাজধানী কাঠমান্ডু থেকে সারা দেশের পাহাড়ি সড়কপথগুলো ভূমিধ্বসের কারণে বন্ধ হয়ে আছে।