পাকিস্তানের নোবেল শান্তি পুরস্কার পাওয়া কিশোরী মালালা ইউসুফজাইয়ের ওপর হামলার দায়ে ১০ জঙ্গিকে ২৫ বছর করে কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সন্ত্রাসবিরোধী আদালত। খবর বিবিসি ও ডন’র।
২০১২ সালের অক্টোবরে পাকিস্তানের সোয়াত উপত্যকায় নিজ শহর মিনগোরার উদ্দেশ্যে স্কুল বাসে ওঠার সময় ১৫ বছর বয়সী মালালার মাথায় গুলি করে জঙ্গিরা। পরে এই হামলার দায় স্বীকার করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। গতকাল সোয়াতের আদালতে কারাদণ্ড দেয়া ১০ জন হলেন বিলাল, শওকত, সালমান, জাফর ইকবাল, ইসরারুল্লাহ, জাফর আলী, ইরফান, ইজহার, আদনান এবং ইকরাম। এরা সবাই টিটিপি’র সদস্য। তবে এদের মধ্যে প্রধান সন্দেহভাজন আতাউল্লাহ খান নেই। গুলিবিদ্ধ হওয়ার পর মালালাকে যুক্তরাজ্যে চিকিত্সা দেয়া হয়। এখন তিনি সেখানে পরিবারের সঙ্গে বসবাস করছেন। শিশু অধিকারে সচেতনতা তৈরিতে গত বছর নোবেল পুরস্কার পান মালালা ইউসুফজাই। তালেবানের হুমকির কারণে তাদের পাকিস্তানে ফিরে যাওয়া সম্ভব নয়।