মালিতে সেনাবাহিনী ও প্রধান তুয়ারেগ বিদ্রোহী জোটের মধ্যে সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছে। এর মধ্যে ১০ জঙ্গি ও নয়জন সৈন্য রয়েছে। বৃহস্পতিবার দেশটির সরকার এই কথা জানায়। খবর: এএফপির।
তুয়ারেগ নেতৃত্বাধীন কো-অর্ডিনেশন ফর দ্য মুভমেন্টস অব আজাওয়াদ (সিএমএ) মালির নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে প্রায় এক বছরের ভয়াবহ যুদ্ধকে আরো উস্কে দেয়। এদিকে তাদের যোদ্ধারা বুধবার মালির মধ্যাঞ্চলীয় লিয়ার শহরে অতর্কিত হামলা চালিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিদ্রোহীদের সাথে সেনাবাহিনীর ঐ সংঘর্ষের ঘটনায় নয় সৈন্য নিহত ও ছয়জন আহত হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, এসময় বিদ্রোহীরা ছয়জনকে জিম্মি করে এবং সামরিক বাহিনীর একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
অপরদিকে ওই সংঘর্ষে ১০ বিদ্রোহী নিহত ও ১৬ জন আহত হয়। এসময় হামলা চালিয়ে বিদ্রোহীদের দুইটি গাড়ি বিধ্বস্ত এবং ঘটনাস্থল থেকে বিস্ফোরক ভর্তি একটি গাড়ি উদ্ধার করা হয়।
বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী তিয়েম্যান হুবার্ট কৌলিবালি বলেন, লিয়ার শহরের পরিস্তিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং দেশের স্বার্থে দৃঢ় মনোবল নিয়ে সশস্ত্র বাহিনীকে তাদের দায়িত্ব পালনে উত্সাহিত করা হচ্ছে।
বিদেশি এক নিরাপত্তা সূত্র বুধবার রাতে থেমে যাওয়া এ যুদ্ধের খবর নিশ্চিত করেছে। ঐ সূত্র আরো জানায়, যুদ্ধে ‘কোন পক্ষ বিজয়ী হয়নি।’ বিদ্রোহীরা আগের মতোই শহরটির দক্ষিণাঞ্চল এবং অন্য সব এলাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।