নেপালে ভয়াবহ ভূমিকম্পের এক সপ্তাহের মধ্যেই কেঁপে উঠলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনি। মার্কিন জিওলজিক্যাল সার্ভে(উএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.১। ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল দেশটির কোকোপো শহর থেকে ১১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূমিকম্পের পর দেশটি থেকে এখন পর্যন্ত কোন ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর একদিন আগেই ৬.৭ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছিল এই অঞ্চলে। শুক্রবারের ভূমিকম্পটির উৎসস্থল ছিল মাটির ৫৩ কিলোমিটার গভীরে।
দেশটিতে যে অঞ্চলে ভূমিকম্পটি আঘাত করে সেটি দেশটির সবচেয়ে বড় দ্বীপ। নিউ ব্রিটেন দ্বীপটির জনসংখ্যা প্রায় ৫ লক্ষ। ৪০০০ কিলোমিটার দীর্ঘ প্রশান্ত মহাসাগরীয়-অস্ট্রেলিয়া প্লেটে দ্বীপটি অবস্থিত। টেকটনিক প্লেটগুলির ঘর্ষণ জনিত কারণে এই অঞ্চলের ভূ-স্তর খুবই অস্থির এবং ভূমিকম্পপ্রবণ। সূত্র: ইন্ডিয়া টাইমস