নেপালে ধ্বংসস্তূপের নিচে জীবিত কাউকে পাওয়ার আশা নেই

 
নেপালের ভূমিকম্পের ধ্বংসস্তূপের নিচ থেকে আর কাউকে জীবিত উদ্ধারের আশা দেখছে না দেশটির স্বরাষ্ট্র মন্ত্রাণালয়। শনিবার মন্ত্রণালয়ের মুখপাত্র লক্ষ্মী প্রসাদ ধাকাল এএফপিকে জানিয়েছেন, প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে আর কারও বেঁচে থাকার সম্ভাবনা আছে বলে মনে করছেন না তারা। তবে উদ্ধারকাজ চালিয়ে যাবেন।
 
এদিকে ভূমিকম্পের পরপরই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অর্থ সহায়তার আশ্বাস থাকলেও তা এখনো পৌঁছায়নি। দেশটির সরকার বলছে, ভূমিকম্পের এক সপ্তাহ পরেও বিদেশি দাতাদের প্রতিশ্রুত কোনো অর্থ তারা পায়নি। অর্থমন্ত্রী রাম শরণ মাহাত বিবিসিকে বলেছেন, তারা হেলিকপ্টার আর ত্রাণ পেয়েছেন, কিন্তু টাকা নয়। এখন জরুরি ভিত্তিতে আশ্রয় সরঞ্জাম আর অর্থপেডিক চিকিত্সক দরকার বলে তারা বলছেন।
 
ভূমিকম্পের পর থেকে দেশটিতে এক হাজারের বেশি ইউরোপিয় নাগরিক নিখোঁজ রয়েছে। তাদের অবস্থা সম্পর্কে পরিষ্কার কোন ধারণা না থাকলেও, তারা নিরাপদ রয়েছে বলেই কর্তৃপক্ষ আশা করছে। তারা নেপালে পর্যটক হিসাবে এসেছিলেন, যাদের বেশিরভাগই ভূমিকম্পের উত্পত্তিস্থলের কাছাকাছি হিমালয় অঞ্চলে ট্রেকিং করছিলেন।