সিরিয়ার উত্তরাঞ্চলীয় একটি গ্রামে ইসলামিক স্টেট (আইএস)’র সদস্যদের লক্ষ্য করে চালানো মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় অন্তত ৫২ বেসামরিক লোক নিহত হয়েছে। শনিবার এক পর্যবেক্ষণকারী গোষ্ঠি একথা জানিয়েছে।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দেল রহমান বলেন, শুক্রবার ভোরে আলেপ্পোর বিরমাহলে গ্রামে জোট সরকারের বিমান হামলায় ৫২ বেসামরিক লোক নিহত হয়েছে।
তিনি বলেন, এই হামলায় ৭ শিশু নিহত হয়েছে এবং ধ্বংসস্তুপের নিচে এখনো ১৩ জন আটকা পড়ে আছে।
খবর এএফপি’র।
আব্দেল রহমান বলেন, কুর্দি মিলিশিয়া ও সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা প্রায় দুই কিলোমিটার (১ মাইল) দূরবর্তী একটি শহরে লড়াই করছিল।
তিনি আরো বলেন, ‘কিন্তু বিরমাহলে গ্রামের সকলেই বেসামরিক লোক। গ্রামটিতে আইএস-এর কোন ঘাঁটি নেই এবং সেখানে কোন লড়াই হয়নি।’
আব্দেল রহমান বলেন, গ্রামটিতে এই বিমান হামলায় ‘একজন আইএস যোদ্ধাও’ নিহত হয়নি। তবে নিকটস্থ শহরে এক অভিযানে অন্তত সাত জিহাদি নিহত হয়েছে।
জানুয়ারি মাসে বিমান হামলার সহায়তায় কুর্দি যোদ্ধারা আইএস যোদ্ধাদের কোবানে থেকে হটিয়ে দেয়।
জোটের যৌথ টাস্ক ফোর্সের এক বিবৃতিতে শুক্রবার বলা হয়েছে, আইএস বিরোধী জোট কোবানের কাছে আইএস-এর ট্যাকটিক্যাল ইউনিটের ওপর ৬ দফা বিমান হামলা চালিয়েছে।