ভারতের মুম্বাইয়ের একটি পুলিশ স্টেশনে সিনিয়র পরিদর্শককে (এসআই) গুলি করে হত্যা করার পর এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আত্মহত্যা করেছেন। শনিবার এই ঘটনা ঘটে।
রবিবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের সান্তাক্রুজ এলাকায় ভাকোলা থানায় অনুপস্থিতির নিয়ে তর্কের জেরে এসআই বিলাশ জোসিকে গুলি করেন এএসআই দিলীপ শিরকে। এরপর নিজেও এই পিস্তল দিয়ে আত্মহত্যা করেন।
পুলিশের ভাষ্যে, এএসআই দিলীপ শিরকে আগের রাতে ডিউটিতে না আসায় থানার এসআই বিলাস যোশি রেজিস্ট্রার খাতায় তাকে অনুপস্থিত লিখে রাখেন। শনিবার রাতে এ নিয়ে দুজনের মধ্যে তর্ক বাঁধে। এসআই বিলাস ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় এএসআই দিলীপ তার কর্তব্যকাজে ব্যবহূত রিভলবার বের করে পরপর দুটো গুলি করেন। এসআইয়ের পিঠে ও উরুতে গুলি দুটো লাগে। এরপর রিভলবার নিজের মাথায় ঠেকিয়ে গুলি করেন এএসআই দিলীপ।
তাদের মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক দিলীপকে মৃত ঘোষণা করেন। রাত দুইটার পর চিকিত্সাধীন অবস্থায় বিলাস মারা যান।
মুম্বাইয়ের পুলিশ কমিশনার রাকেশ মারিয়া জানিয়েছেন, পুলিশের অপরাধ শাখা বিষয়টি খতিয়ে দেখছে।