নেপালে ত্রাণবাহী বড় বিমানের ওঠানামা নিষিদ্ধ

 
বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না নেপালের। এবার দেশটির সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগের একমাত্র মাধ্যম কাঠমান্ডু বিমানবন্দরের রানওয়েতে ফাটল দেখা দেয়ায় বড় ধরনের বিমান অবতরণ নিষিদ্ধ করা হয়েছে। অথচ এই মুহূর্তে দেশটিতে জরুরি ত্রাণ সরবরাহ করা প্রয়োজন।
 
নেপালের স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে রানওয়েতে ফাটল ধরা পড়েছে। তবে বিমান বন্দর কর্তৃপক্ষ বলছে, সেরকম কোনো ফাটল তাদের চোখে পড়েনি। তবে গত এক সপ্তাহে এতোবার কম্পন হয়েছে যে সতর্ক হয়েই তাদেরকে এ ধরনের ব্যবস্থা নিতে হয়েছে।
 
বিমান বন্দরের ম্যানেজার বীরেন্দ্র প্রাসাদ শ্রেষ্ঠা বলেছেন, ‘কাঠমান্ডুর সাথে আন্তর্জাতিক যোগাযোগের জন্যে এটাই একমাত্র পথ। আর এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো সবকিছুই শেষ হয়ে যাবে।’
 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, রানওয়েতে ছোটখাটো যেসব সমস্যা দেখা দিয়েছিলো সেগুলো তারা মেরামত করেছেন এবং বিমান উঠা নামাতে কোনো সমস্যা হচ্ছে না।