সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী ইয়েমেন ক্লাস্টার বোমা ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে একটি মানবাধিকার সংগঠন। হিউম্যান রাইট ওয়াচ বলেছে, বিশ্বের বিভিন্ন দেশে নিষিদ্ধ এসব ক্লাস্টার বোমা যুক্তরাষ্ট্র সৌদি আরবকে সরবরাহ করেছে বলে অভিযোগ রয়েছে।
মানবাধিকার সংগঠনটি জানিয়েছে, ইয়েমেনে অন্তত দু'বার ক্লাস্টার বোমা ব্যবহারের প্রমাণ রয়েছে তাদের কাছে। ছোট ছোট অসংখ্য বোমার সমন্বয়ে এসব ক্লাস্টার বোমা বিস্তীর্ণ এলাকায় আঘাত করে। এসব বোমার অনেকগুলোই অবিস্ফোরিত অবস্থায় থেকে যায়। ফলে হামলার পরও এসব বোমা বিস্ফোরিত হয়ে বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।
যুদ্ধক্ষেত্রে ক্লাস্টার বোমা ব্যবহার নিষিদ্ধ করতে ২০০৮ সালে ১১৬টি দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হলেও যুক্তরাষ্ট্রসহ সৌদি আরব ও তার মিত্রবাহিনী তাতে স্বাক্ষর করেনি। সূত্র: বিবিসি