ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠছে নেপালের জনগণ

 
বিধ্বংসী ভূমিকম্পের এক সপ্তাহ পরও নেপালে অব্যাহত রয়েছে মৃত্যু মিছিল। এর মধ্যেই নেপালের সাধারণ মানুষের মধ্যে ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠছেন নেপালের জনগণ। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর বিরুদ্ধে অভিযোগ, খবর সংগ্রহের অসুস্থ প্রতিযোগিতায় নেমে 'অসংবেদনশীল' হয়ে উঠছে ভারতীয় মিডিয়া।
 
নেপালের মানুষদের অভিযোগ, সে দেশে ভূমিকম্পের ভয়াবহতাকে ভারতীয় মিডিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচারণার হাতিয়ার বানিয়ে ফেলেছে। ফেসবুক, টুইটারের মতো সোস্যাল মিডিয়াতে নিজেদের এমন ক্ষোভের কথা প্রকাশ করছে নেপালের যুব সমাজ। তাদের অনেকেই দাবি জানাচ্ছেন, 'ভারতীয় সাংবাদিকরা নেপাল ছাড়ুন'।
 
সাহায্য করায় কৃতজ্ঞতা জানালেও দেশটির মিডিয়ার বিরুদ্ধে ক্ষোভ কমছে না। অসংবেদনশীলতার পাশাপাশি উঠছে ফুলিয়ে ফাঁপিয়ে খবর করার অভিযোগও করছেন অনেকেই। নেপালিদের বক্তব্য ভারতীয় মিডিয়ার কভারেজ দেখে মনে হচ্ছে 'রগরগে টেলি সোপ চলছে।'
 
ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম-ডে তে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শীর্ষ ট্রেন্ড হয়েছে #GoHomeIndianMedia। এই 'হ্যাশট্যাগ' ব্যবহার করে ৭০ হাজারেরও বেশি টুইট করা হয়েছে। সূত্র: জিনিউজ