বাংলাদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর হবে ঐতিহাসিক এবং অর্থপূর্ণ। এই সফরে দুই দেশের মধ্যে বিদ্যুত্, জ্বালানি এবং যোগাযোগসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে সহযোগিতার সম্পর্ক সৃষ্টি হবে। গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী মোদীর সফরের একদিন আগে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন পররাষ্ট্র সচিব জয়শঙ্কর।
মোদী এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বাম দলের নেতাদের সঙ্গে সাক্ষাত্ করবেন। জয়শঙ্কর বলেন, এই সফরে স্থলসীমান্ত চুক্তির দলিল দুই দেশের মধ্যে হস্তান্তর করা হবে। এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও উপস্থিত থাকবেন। বাংলাদেশে অসহিষ্ণুতা নিয়ে কোনো আলোচনা হবে কিনা এমন এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ আমাদের বিশ্বস্ত প্রতিবেশি। আমরা গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশকে সমর্থন জানাই। আমরা মানুষের বহুত্ববাদীতাকে সমর্থন জানাই। আমরা তাদের দায়িত্বশীল প্রতিবেশি হিসেবে বিবেচনা করি। তিনি বলেন, আমরা পারস্পারিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক উন্নত করেছি। সফরে তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে কোনো কথা না হলেও অন্যান্য নদীর পানি এবং পানির প্রবাহ পথ সম্পর্কে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্র সচিব জয়শঙ্কর।