পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটার পাস্তুনাবাদে শনিবার বন্দুকধারীদের হামলায় চার পুলিশ সদস্য নিহত হয়েছে। বন্দুকধারীরা মোটর সাইকেলে করে এসে হামলা চালায় বলে দেশটির পুলিশ জানিয়েছে।
পুলিশ কর্মকর্তা আবুল রাজ্জাক চীমা এএফপিকে বলেন, ‘দু’টি মোটর সাইকেলে করে বন্দুকধারীরা পুলিশের একটি গাড়িকে লক্ষ্য করে বেপরোয়া গুলি চালায়। এতে চার পুলিশ সদস্য শহীদ হন।’
তাৎক্ষণিকভাবে হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। গোলযোগপূর্ণ বেলুচিস্তানে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গ্রুপ নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর প্রায়ই হামলা চালায়।
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এক বিবৃতিতে এ হত্যাকাণ্ডের ‘কঠোর নিন্দা’ জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা জঙ্গিবাদ দমনে সরকারের পদক্ষেপকে দুর্বল করতে পারবে না।