চীনের হুবেই প্রদেশের ইয়াংজি নদীতে জাহাজডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩১। রবিবার এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।
দুর্ঘটনার এক সপ্তাহ পার হওয়ায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উদ্ধারকর্মী এবং স্বজনরা। সোমবার ঝড়ের কবলে পড়ে ‘ইস্টার্ন স্টার’ নামের ঐ জাহাজটিতে ডুবে যায়। জাহাজটিতে ৪৫৬ জন আরোহী ছিল।
আজ দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজডুবির ঘটনায় এখন পর্যন্ত ৪৩১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ১৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ জন নিখোঁজ রয়েছেন।
শুক্রবার চীনের ইয়াংজি নদীতে উল্টে যাওয়া প্রমোদতরীটি সোজা করা হয়েছে। বেশিরভাগ মৃতদেহ জাহাজের ভেতর থেকে পাওয়া গেছে। বিধ্বস্ত জাহাজের প্রতিটি কক্ষে উদ্ধারকর্মীরা নিখোঁজ আরোহীদের খুঁজছেন। এছাড়া নদীর ১৩শ' কিলোমিটার পর্যন্ত ভাটিতে নিখোঁজদের সন্ধান চালাচ্ছেন উদ্ধারকারীরা।
জাহাজের ডেক এবং নদীর তীরে এভাবেই সারি বেঁধে দাঁড়িয়ে ইস্টার্ন স্টারের দিকে মুখ করে রীতি অনুযায়ী মৃতদের প্রতি শোক ও শ্রদ্ধা জানিয়েছেন চীনা কর্মকর্তা, উদ্ধারকারী এবং মৃতদের স্বজনরা। মাথার টুপি খুলে মাথা নিচু করে তিন মিনিট নীরবতা পালন করেন তারা। এরপর আশপাশের নৌযানগুলো একসঙ্গে হর্ন বাজায়। সূত্র: এএফপি।