মালয়েশিয়ার কিনাবালু পর্বতের কাছে সম্প্রতি ভূমিকম্পে সিঙ্গাপুরের প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ও এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটির বোর্নিও দ্বীপের সাবাহ রাজ্যের কিনাবালু পর্বতে কয়েক দফা ভূমিকম্পের সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সিঙ্গাপুরের শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়ছে, ‘আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে মালয়েশিয়ায় ভূমিকম্পে সিঙ্গাপুরের তানজং কাটং প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ও এক শিক্ষকের প্রাণহানি হয়েছে। পরিবারের সদস্যরা তাদেরকে সনাক্ত করেছেন।’
বিবৃতিতে বলা হয়েছে, সিঙ্গাপুরের তানজং কাটং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষাসফরে মালয়েশিয়ার জনপ্রিয় কিনাবালু পর্বত এলাকায় গিয়েছিল। তাদের সঙ্গে সিঙ্গাপুরের এক ট্রাভেল এজেন্সির যে গাইড ছিল ভূমিকম্পে তিনিও প্রাণ হারিয়েছেন। এখনও ছয় জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।