৪ বার স্থগিতের পর মৃত্যুদণ্ড কার্যকর করল পাকিস্তান

 
চার বার দণ্ডাদেশ স্থগিত হওয়ার পর পাকিস্তানে একটি হত্যা মামলার আসামীকে বুধবার সকালে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে, যখন অভিযুক্ত আফতাব বাহাদুরকে মৃত্যুদণ্ড দেয়া হয় তখন তার বয়স ছিল ১৫ এবং স্বীকারোক্তি আদায়ের জন্য তাকে নির্যাতন করা হয়েছিল।
 
কারা কর্মকর্তারা বলেন, বুধবার সকালে লাহোর কারাগারে আফতাবের ফাঁসি কার্যকর করা হয়। খ্রিস্টান ধর্মাবলম্বী আফতাবকে ১৯৯২ সালে সংঘটিত জোড়া খুনের জন্য অভিযুক্ত করা হয়েছিল। তার আইনজীবী ও পরিবারের দাবি, আফতাবের বয়স মাত্র ১৫ বছর থাকায় পাকিস্তানি আইন অনুযায়ী মৃত্যুদণ্ড তার প্রাপ্য নয়। এরকম প্রেক্ষাপটে মানবাধিকার সংস্থাগুলোর দাবির মুখে গত মঙ্গলবার চতুর্থবারের মতো তার মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছিল।
 
এই মামলাটি আন্তর্জাতিক ক্ষেত্রেও আলোড়ন সৃষ্টি করে। চাঞ্চল্যকর মামলা বলে মানবাধিকার সংস্থাগুলো এটিকে সুপ্রিম কোর্টে পাঠানোর দাবি জানিয়েছিল এবং মৃত্যুদণ্ড না দিতে সরকারের ওপর ব্যাপক চাপ তৈরি করে। তারপরও সবকিছু উপেক্ষা করে আফতাবের মৃত্যুদণ্ড কার্যকর করল পাকিস্তানি কর্তৃপক্ষ। সূত্র: বিবিসি