সৌদি আরবে হেরোইন চোরাচালানের অপরাধে আজ বুধবার এক পাকিস্তানি নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক খবরে বলা হয়, বুধবার দেশটির লোহিত সাগর তীরবর্তী জেদ্দাহ নগরীতে এ শিরশ্ছেদ করা হয়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির উল্লেখ করে সৌদি প্রেস এজেন্সি জানায়, পাকস্থলীতে করে হেরোইন পাচারের দায়ে দোষী সাব্যস্তের পর নাজির আহমদ সুলতান আহমদ নামের এ পাকিস্তানি নাগরিকের শিরশ্ছেদ করা হয়। খবরে বলা হয়, সৌদি আরবে চলতি বছর এ পর্যন্ত দেশী-বিদেশী মিলিয়ে মোট ৯৮ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা দেশগুলোর মধ্যে সৌদি আরব অন্যতম। সৌদি আরবে ইসলামি শরিয়া মোতাবেক ধর্ষণ, হত্যা, ধর্মান্তরিত করা ও ডাকাতির মতো অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড।