বিশ্বের প্রথম 'ইসলামিক' এয়ারলাইনের দাবিদার রায়ানি এয়ারের উপর উড্ডয়ন নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়ার বেসামরিক বিমান পরিবহন সংস্থা (ডিসিএ)। বিবিসি তার প্রতিবেদনে জানায়, এয়ারলাইনটির নিরাপত্তা নিরীক্ষা ও ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগের কারণে তাদের অনুমতিপত্র প্রত্যাহার করে নেয়া হয়েছে বলে জানিয়েছে ডিসিএ।
হালাল খাবার, অ্যালকোহলমুক্ত ও ক্রুদের ইসলামসম্মত পোশাক পরার প্রতিশ্রুতি দিয়ে ২০১৫ সালের ডিসেম্বরে চালু করা হয়েছিল রায়ানি এয়ার। এয়ারলাইনটির বহরে বোয়িংয়ের ৭৩৭-৪০০ মডেলের দুটি উড়োজাহাজ রয়েছে। প্রতিটি প্রায় ১৮০ জন যাত্রী বহনে সক্ষম। এসব উড়োজাহাজ পরিচালনার জন্য ৮ জন পাইলট ও ৫০ জন ক্রু আছে।
সোমবার ডিসিএ জানিয়েছে, বাণিজ্যিক এয়ারলাইন হিসেবে রায়ানি এয়ার আর ফ্লাইট পরিচালনা করতে পারবে না। তিন মাস মেয়াদি একটি স্থগিতাদেশ শেষ হওয়ার পর ডিসিএ সিদ্ধান্তটি জানালো। উড্ডয়ন নিয়ম-নীতি মানতে ব্যর্থ হওয়ার কারণে এয়ারলাইনটির ফ্লাইট পরিচালনায় তিন মাসের স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। এর কার্যক্রম পরীক্ষা করার জন্য পরে একটি নিরাপত্তা নিরীক্ষা চালানো হয়েছিল।
মালয়েশিয়ার বিমান পরিবহন কমিশন এক বিবৃতিতে বলেছে, 'এয়ারলাইনটি এয়ার সার্ভিস লাইসেন্সের (এএসএল) শর্ত লঙ্ঘণ করেছে এবং বাণিজ্যিক এয়ারলাইন হিসেবে ফ্লাইট পরিচালনার মতো এর আর্থিক সক্ষমতা ও ব্যবস্থাপনা দক্ষতা নেই।' ডিসিএ জানিয়েছে, নিরাপত্তা অডিটের বিষয়ে এয়ারলাইনটির তৎপরতা 'সতর্কভাবে বিবেচনা' করে দেখেছে তারা। বিবিসি।