বিদেশ ভ্রমণে অনৈতিকভাবে সরকারি অর্থ ব্যয় নিয়ে সৃষ্ট অসন্তোষের মুখে পদত্যাগ করেছেন জাপানের রাজধানী টোকিওর গর্ভনর ইয়চি মাসুজুই।
ব্যাপক সমালোচনা আর বির্তকের পর বুধবার সকালে সংসদে স্পিকারের কাছে পদত্যাগ পত্র জমা দেন তিনি। বিবিসি জানিয়েছে, বুধবার টোকিও আসেম্বলিতে হতে যাওয়া অনস্থা ভোটে তিনি হেরে যাবেন বলে ধারণা করা হচ্ছিল। এর কয়েক ঘণ্টা আগেই পদত্যাগ করে অনাস্থা ভোট এড়ান তিনি।
২০২০ সালে টোকিও অলিম্পিকের দায়িত্বে থাকা এই গর্ভনরের পদত্যাগে অলিম্পিক আয়োজনে কোনো প্রভাব পড়বে না বলে দেশটির সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ২০১৪ সালে টোকিওর গর্ভনর হওয়ার পর থেকে এ পর্যন্ত নয়বার বিদেশ ভ্রমণে সরকারি কোষাগারের ২০ কোটি ইয়েন খরচ করেন মাসুজুই।
বিলাস বহুল হোটেলে রাত্রি যাপন, সরকারি অর্থে সন্তানদের কমিক ও চিত্রকলার বই কিনে দেওয়া, উচ্চমূল্যের খাবার গ্রহণ ও গর্ভনরের গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এসব অভিযোগের কোনো ব্যাখ্যা দিতেও রাজি হননি তিনি।
এতে জনমত তার বিরুদ্ধে চলে যায়। গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে সমালোচনা ও ব্যাপক অসন্তোষ লক্ষ্য করা যায়। সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন, এপ্রিলে এ বিষয়টি জানাজানি হলে প্রথম অন্যান্য সাংসদের তোপের মুখে পড়েন তিনি।