বন্দুক হামলা করে ভয়াবহ হত্যাযজ্ঞের পরও যুক্তরাষ্ট্রে বন্দুক নিয়ন্ত্রণ আইন পাস করার সম্ভাবনা খুব ক্ষীণ। এমনটাই মত দেশটির বিশেষজ্ঞদের। তবে এমন আইন করতে সরকারের প্রতি আবারো আহ্বান জানিয়েছেন তারা। খবর সিনহুয়ার।
গত রবিবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে সমকামীদের একটি নৈশক্লাবে গুলির ঘটনা ঘটে। এতে ৪৯ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন। এ ঘটনার পর দেশটি জুড়ে নতুন করে বন্দুক নিয়ন্ত্রণ আইন করার দাবি উঠেছে। যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র রাখা একটি সাংবিধানিক অধিকার। এছাড়া লোকজনও বিশ্বাস করে এটা তাদের একটি বৈধ অধিকার।
বন্দুক নিয়ন্ত্রণের পক্ষ সমর্থনকারীরা বলেন, সন্ত্রাসের সাথে জড়িত সন্দেহে হত্যাকারী ওমর মতিন পুলিশের নজরে ছিলেন। তারপরও তিনি বৈধভাবে আগ্নেয়াস্ত্র কিনতে পারেন এটা ধারণার অতীত। তবে এখনঅব্দি মনে করা হচ্ছে, এই হামলা বন্দুক আইনে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসবে।
কংগ্রেস কেন আরো বেশি বন্দুক নিয়ন্ত্রণ আইন পাস করছে না? এমন প্রশ্নের জবাবে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও পাবলিক এ্যাফেয়ার্স বিভাগের অধ্যাপক জুলিয়ান জেলিজার জানিয়েছেন, এ আইনের বিরোধিতাকারীরা সুসংগঠিত এবং তাদের পাশে দুই রাজনৈতিক দলই আছে। ব্রুকিংস ইনস্টিটিউশনের গভর্নেন্স স্টাডিজের ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক ড্যারেল ওয়েস্ট বলেছেন, বন্দুক আইন এবং এনআরএ (ন্যাশনাল রাইফেল এসোসিয়েশন) নিয়ে দেশে যে বিভক্তি অব্যাহত রয়েছে সেটি যে কোনো অর্থপূর্ণ ও কার্যকর কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করবে। দেশটিতে ৩০ কোটির বেশি লাইসেন্স করা বন্দুক রয়েছে।