বিরোধী শিয়া গ্রুপের সব কর্মকান্ড বন্ধ করলো বাহারাইন

সুন্নিদের দ্বারা প্রভাবিত বাহারাইন সরকার দেশটিতে শিয়া মুসলমানদের একটি গ্রুপের সব ধরনের কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছে। বিচার মন্ত্রণালয়কে উদ্ধৃত করে বাহারাইনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলেছে, ওয়াফেক ন্যাশনাল ইসলামিক সোসাইটি বন্ধ করে দেয়া হয়েছে এবং এর সম্পত্তি জব্দ করা হয়েছে।
 
ওয়াফেক ২০১১ সালে দেশটিতে গণতন্ত্রপন্থী বিক্ষোভ পরিচালনায় সহায়তা করেছিল। বৃহত্তর রাজনৈতিক অধিকার এবং সংখ্যাগরিষ্ঠ শিয়া সম্প্রদায়ের প্রতি বৈষম্য অবসানে ওই বছরের ফেব্রুয়ারিতে বিক্ষোভকারীরা রাজপথে অবস্থান নেয়। দেশের আইন—শৃঙ্খলা রক্ষা এবং ভিন্নমতালম্বীদের দমনে পরবর্তী মাসে বাদশা হামাদ বিন ইসা আল খালিফা প্রতিবেশী সুন্নি নেতৃত্বাধীন উপসাগরীয় দেশগুলো থেকে সেনা নিয়ে আসেন। ওই অস্থিরতায় কমপক্ষে ৩০ জন বেসামরিক নাগরিক এবং পাঁচ পুলিশ নিহত হয়েছিল।
 
বাহারাইন নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রাজতন্ত্রের নিরাপত্তা রক্ষায়’ ওয়াফেককে স্থগিত করতে বিচার মন্ত্রণালয় একটি আর্জি দায়ের করেছে। আবদুল্লাহ আল-শামলাওয়ি নামে ওয়াফেকের একজন আইনজীবী বার্তা সংস্থা এএফপিকে বলেন, মঙ্গলবার তাকে আদালতের একটি নথি সরবরাহ করা হয়েছে, যাতে ওয়াফেকের বিরুদ্ধে ২০০১ ও ২০১১ সালে বিক্ষোভের সময় জাতীয় নিরাপত্তা ভঙ্গের অভিযোগ করা হয়েছে। -বিবিসি