দুই বছরের অভিযানে ৪৯০ সৈন্য ও ৩৫০০ সন্ত্রাসী নিহত পাকিস্তানে

 
বিগত দুই বছরের অভিযানে ৩৫০০ সন্ত্রাসী ও ৪৯০ সৈন্য নিহত হয়েছে পাকিস্তানে। 'জার্বে আজব' নামের এই সেনা অভিযানে পাকিস্তান বড় ধরণের আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে জানায় দেশটির সেনা বিভাগ।
 
পাক সেনাবাহিনীর জনসংযোগ পরিদফতর আইএসপিআর-এর প্রধান লে জেনারেল অসীম সেলিম বাজওয়ার বরাত দিয়ে হিন্দুস্থান টাইমস আরো জানায়, এখন পর্যন্ত সন্ত্রাসীদের কাছ থেকে ২৫৩ টন বিস্ফোরক উদ্ধার করেছে যা দিয়ে ১৫ বছর ধরে বোমা তৈরি করা যেত। একই সঙ্গে শাওয়াল এলাকায় বোমা বানানোর সাড়ে সাত হাজার কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। 'জার্বে আজব'র মাধ্যমে উপজাতি অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানের তিন হাজার ছয়শ’ কিলোমিটার ভূখণ্ডকে পুরোপুরি সন্ত্রাসী মুক্ত করা হয়েছে। এ ছাড়া, এ অভিযানের মধ্য দিয়ে সন্ত্রাসীদের ৯৯২টি আস্তানা ধ্বংস করে দেয়া হয়েছে।
 
'জার্বে আজব' অপারেশনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি। এদিকে করাচির আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে জেনারেল বাজওয়া আরো জানান, পাকিস্তানের এ বন্দর নগরী থেকে ১২০০ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
 
এ সময়ে বেলুচিস্তান থেকে আটক ভারতীয় নৌ বাহিনীর কমান্ডার এবং গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস বা 'র'এর কথিত গুপ্তচর প্রসঙ্গেও কথা বলেন তিনি। তিনি দাবি করেন, দ্বিতীয় মহাযুদ্ধের পর এই প্রথম অন্য দেশের চাকরিরত সামরিক কর্মকর্তাকে অন্য দেশ থেকে আটক করা হলো।
 
তিনি আরো দাবি করেন, আফগানিস্তান সংলগ্ন উপজাতীয় অধ্যুষিত এলাকা থেকে 'র' এবং আফগান গুপ্তচরদের আটক করেছে পাকিস্তান বাহিনী।
 
এ সময় তিনি আরো জানান, ৯/১১ আক্রমণের পর থেকে এখন পর্যন্ত পাকিস্তান ১০৭ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে শুধু এই সন্ত্রাস মোকাবেলার জন্য। শুধু আফগানিস্তান বর্ডার নিয়ন্ত্রণ করতেই তারা হিমশিম খাচ্ছে। এই সীমান্তাঞ্চলের নিরাপত্তা জোরদার করতে নতুন করে বড় অঙ্কের সেনা নিয়োগ দেয়া হবে বলেও জানান তিনি। হিন্দুস্থান টাইমস।