ফ্রান্সের পররাষ্ট্র ও আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী জেন-মার্ক আইরাউলত তিনদিনের রাষ্ট্রীয় সফরে মিয়ানমারের রাজধানী নেপিদো গেছেন। শুক্রবার ফরাসি কর্মকর্তারা এ খবর জানিয়েছে। মিয়ানমারের নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে ফ্রান্সের কোনো সরকারি প্রতিনিধির এটাই প্রথম সফর।
ইয়াঙ্গুনের ফরাসি দূতাবাস জানায়, সফরকালে আইরাউলত প্রেসিডেন্ট ইউ তিন কিয়াউ ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী অং সান সুচির সঙ্গে বৈঠক করবেন। মিয়ানমারের রাজনীতিতে গণতান্ত্রিক উত্তরণ ও দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক বিশেষত সামনের বছরগুলোতে ফরাসি উন্নয়ন সহযোগিতা ও ফরাসি উন্নয়ন সংস্থার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নই এই সফরের লক্ষ্য।
দূতাবাস সূত্র আরো জানায়, মিয়ানমার সফরকালে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা বিভাগের কমান্ডার ইন চিফ সিনিয়র জেনারেল মিন অং হেইংয়ের সঙ্গেও দেখা করবেন। খবরে আরো বলা হয়েছে, ফরাসি পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের ইয়াঙ্গুন রিজিওনের মুখ্যমন্ত্রী ইউ ফিও মিন থেইনের সঙ্গে দেখা করবেন এবং ফরাসি এনজি ও ফরাসি কোম্পানিগুলো পরিদর্শনে যাবেন। প্রসঙ্গত, মিয়ানমারের বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে ফ্রান্সের অবস্থান ১২তম। সর্বশেষ ২০১৫-২০১৬ অর্থবছরে ফ্রান্স দেশটিতে ৫৪১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে।