দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার নাৎসি বন্দীশিবিরের রক্ষী রাইনহোল্ড হ্যানিংকে যুদ্ধাপরাধে কারাদণ্ড দিয়েছে জার্মানির একটি আদালত। এই যুদ্ধাপরাধীর বর্তমান বয়স ৯৪ বছর।
আউশভিৎস বন্দীশিবিরে অন্তত এক লাখ ৭০ হাজার মানুষকে হত্যায় সহযোগিতার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে। গত বছরও ওই শিবিরের এক কর্মীর কারাদণ্ড হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে পোল্যান্ডের আউশভিৎস-বারকেনাউ ক্যাম্পে ১০ লাখের বেশি মানুষকে হত্যা করা হয়। মূলত ইউরোপীয় ইহুদিদের ১৯৪০ থেকে ১৯৪৫ এর মধ্যে এই ক্যাম্পে এনে নির্মমভাবে হত্যা করা হয়। ইহুদিদের সঙ্গে সমকামী, প্রতিবন্ধী ও সোভিয়েত বন্দিদের হত্যা করা হয় শিবিরটিতে।
১৯৪২ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত এই বন্দীশিবিরে রক্ষীর দায়িত্বে ছিলেন হ্যানিং।