ইস্তাম্বুলে সমকামীদের বার্ষিক মিছিলে নিষেধাজ্ঞা

ইস্তাম্বুলে সমকামীদের বার্ষিক প্রাইড মিছিল করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে শহরটির কর্তৃপক্ষ। চলতি মাসের শেষদিকে এই মিছিল হওয়ার কথা ছিল।
 
শহরটির কর্তৃপক্ষ এক বিবৃতিতে “নিরাপত্তা ও জনশৃঙ্খলা” রক্ষার স্বার্থে সমকামীদের এই মিছিলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে উল্লেখ করেছে। এই নিষেধাজ্ঞা আদেশ জারির অর্থ হচ্ছে, কেউ এতে অংশ নিলে তাকে নিরাপত্তা বাহিনীর প্রতিরোধের মুখোমুখি হওয়ার ঝুঁকি নিতে হবে। প্রাইড মিছিলের আয়োজকেরা “সংবিধান ও আইনের ঘোর লঙ্ঘন” অভিহিত করে এই নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছেন।
 
আয়োজকদের ভাষ্য, নগর কর্তৃপক্ষ নাগরিকদের অধিকারচর্চা রক্ষায় তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তারা এর বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েক দফা বোমা হামলার ঘটনায় ইতিমধ্যে ইস্তাম্বুলের নিরাপত্তা কঠোর করা হয়েছে। এসব বোমা হামলার জন্য ইসলামিক স্টেট (আইএস) ও কুর্দি বিদ্রোহীদের দায়ী করা হয়।
 
চলতি সপ্তাহের শুরুর দিকে একটি উগ্রজাতীয়তাবাদী যুবক গোষ্ঠী আলপিরেন হার্টস সমকামীদের এই মিছিল বন্ধের ডাক দেয়। তারা প্রাইড মিছিলকে অনৈতিক আখ্যা দিয়ে একে প্রতিরোধের ঘোষণাও দেয়। গত বছর ইস্তাম্বুলের পুলিশ কাঁদুনে গ্যাস ও জলকামান দিয়ে প্রাইড মিছিলে অংশগ্রহণকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
 
রমজানের কারণে গেল বছর কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের অনুমতি দেয়নি। গেল বছরের মতো এবছরও ২৬ জুন এই মিছিলের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিপূর্বে ১২ বার ইস্তাম্বুলে সমকামীদের প্রাইড মিছিল অনুষ্ঠিত হয়েছে। সেই মিছিলগুলোতে সামান্য গোলযোগের খবর পাওয়া গেছে। অন্যান্য আরব দেশের মতো তুরস্কে সমকামিতা অবৈধ না হলেও সমকামী ভীতি ছড়িয়ে পড়েছে। বিবিসি।