ফিলিপাইনের মধ্যাঞ্চলে মাউন্ট ক্যানলাওনে শনিবার অগ্নুৎপাত ঘটেছে। আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে আকাশের দিকে ১০০ মিটার উঁচুতে ‘মোটা সাদা ধোঁয়ার’ কুণ্ডলী বের হচ্ছে।
ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূকম্পন ইনস্টিটিউট একথা জানিয়েছে। ইন্সটিটিউট এক বিবৃতিতে জানায়, শনিবার স্থানীয় সময় সকাল ৯টা ১৯ মিনিট থেকে ৯টা ৪৬ মিনিট পর্যন্ত মাউন্ট ক্যানলাওনে অগ্ন্যুৎপাত ঘটে। ইন্সটিটিউট জানায়, ‘ক্যানলাওন আগ্নেয়গিরিতে ১ নং সতর্কতা বহাল রয়েছে। এর মানে হলো হাইপোথারমাল প্রক্রিয়ার মাধ্যমেই এটা হচ্ছে এবং আরো কয়েকটি ছোটখাটো অগ্নুৎপাতের সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় অগ্ন্যুৎপাতের সঙ্গে তারা তিনটি ভূমিকম্প রেকর্ড করেছে এবং আকাশের ১০০ মিটার উঁচুতে সাদা ছাইভস্মের একটি দুর্বল উদ্গিরণ দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে ভেসে যাওয়া পর্যবেক্ষণ করছে। ইন্সটিটিউট স্থানীয়দের স্থানীয় ৪ কিলোমিটার বিপজ্জনক অঞ্চলে প্রবেশ না করার ব্যাপারে সতর্ক করেছে।
বিমানের চালকদের আগ্নেয়গিরির চূড়ার কাছ না দিয়ে যাওয়ারও পরামর্শ দেয়া হয়েছে। আকস্মিক উদগিরণ থেকে নির্গত ছাইভস্ম বিমানের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। সিনহুয়া।