দ. আফ্রিকায় কুমারিত্ব পরীক্ষা করা অসাংবিধানিক ঘোষণা

দক্ষিণ আফ্রিকায় কুমারিত্বের প্রমাণ দিয়ে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করেছে দেশটির একটি আইনি কর্তৃপক্ষ। পাশাপাশি এই নিয়মকে বাতিল করা উচিত বলে রায় দিয়েছে তারা।
 
দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় কাওয়াজুলু-নাটাল প্রদেশের উথুকেলা পৌরসভা এইডস ও শিশুদের গর্ভধারণ ঠেকাতে এমন উদ্ভট নিয়ম ঘোষণা করেছিল। দেশটির লিঙ্গ সমতা বিষয়ক কমিশন তার রায়ে বলেছে, “নারী শিক্ষার্থীর কুমারিত্বের উপর দেওয়া এই বৃত্তি মৌলিকভাবে বৈষম্যমূলক। এটি মর্যাদা, সমতা ও বৈষম্যের ক্ষেত্রে সংবিধানের যে ধারা রয়েছে সেই তত্ত্বের পরিপন্থি।” কমিশন আরো জানায় “পড়াশোনার ক্ষেত্রে কুমারিত্ব কোনো গুণ নয়।”
 
এর আগে এই শিক্ষাবৃত্তি সম্পর্কে ওই পৌরসভার পক্ষ থেকে সাংবাদিকদের বলা হয়, তারা ১৬ বছর বয়সী কিশোরী শিক্ষাবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে তাদেরকে কুমারিত্ব বজায় রাখতে হবে।