ভারতে কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটাবে চীনা বিজ্ঞানীরা

ভারতের খরা কবলিত রাজ্য মহারাষ্ট্রে বৃষ্টিপাত ঘটতে সহযোগিতার হাত বাড়িয়েছে চীন। দীর্ঘদিন থেকে খরায় ভোগা রাজ্যটি এখন পর্যন্ত বর্ষার মুখ দেখেনি। খুব শিগগির চীনের বিজ্ঞানীরা কৃত্রিম বৃষ্টিপাতের প্রযুক্তি নিয়ে ভারতে যাবেন।
 
কিছু দিন আগে চীনের বেইজিং, সাংহাই ও পূর্বাঞ্চলীয় আনহুই রাজ্যের কিছু গবেষক মহারাষ্ট্র সফরে এসেছিলেন। রাজ্যটিতে খরার রুদ্ররূপ দেখে প্রযুক্তিগত সহায়তা দেয়ার সিদ্ধান্ত নেন তারা। আশা করা হচ্ছে, মহারাষ্ট্রের দুর্ভোগ কমাতে চীনা সহায়তা কার্যকর বলে প্রমাণিত হবে। স্থানীয় আবহাওয়া কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবেন চীনা বিশেষজ্ঞরা। গত দুই বছর থেকে খরায় পুড়ছে রাজ্যটি।
 
গত কয়েক বছর থেকে সিলভার আয়োডাইড ব্যবহার করে মেঘ তৈরি করছে চীন। রকেটের ক্যাপসুলে করে আকাশে এই রাসায়নিক পদার্থটি ছিটিয়ে দেয়া হয়। সূত্র: এনডিটিভি