আমি বিশ্বাসঘাতকদের যম, ব্রিটেনের জন্য স্বাধীনতা

ব্রিটেনের বিরোধী লেবার পার্টির এমপি জো কক্সের হত্যায় অভিযুক্ত থমাস মেয়ার বলেছেন, আমি বিশ্বাসঘাতকদের যম এবং ব্রিটেনের জন্য স্বাধীনতা। গতকাল শনিবার ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেস’ কোর্টের বিচারক তার পরিচয় জিজ্ঞাসা করলে এই মন্তব্য করেন তিনি। তার বিরুদ্ধে হত্যা, আহত করা এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। খবর বিবিসি ও ডয়চেভেলে’র
 
থমাস মেয়ার তার আসল নাম বলতে অস্বীকৃতি জানান। এমনকি নিজের ঠিকানাও বলেননি। কাল সোমবার ফের তাকে লন্ডনের ওল্ড বেইলি কেন্দ্রীয় ফৌজদারি আদালতে হাজির করা হবে। এই পর্যন্ত তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে। একইসঙ্গে তার মানসিক পরীক্ষার নির্দেশ দিয়েছে আদালত। গত বৃহস্পতিবার ব্রিস্টলে  জো কক্সেরে ওপর হামলার পর পরই মেয়ারকে (৫২) গ্রেপ্তার করা হয়। গুলি করে এবং কুপিয়ে জো কক্সকে হত্যা করেন মেয়ার। ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে থাকার পক্ষে প্রচারণা চালাতেন জো কক্স। কিন্তু মেয়ার তার বিরোধী।