পাকিস্তানে এক অন্তঃসত্ত্বা নারী ও তার স্বামীকে আত্মীয়রা অপহরণের পর হত্যা করেছে। তার আত্মীয়রা তাদের বিয়ে মেনে নিতে পারেনি।
পাকিস্তানে এটি সর্বশেষ অনার কিলিংয়ের (পারিবারিক সম্মান রক্ষার জন্য হত্যা) ঘটনা। রবিবার দেশটির পুলিশ একথা জানিয়েছে। স্থানীয় পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা মালিক ওয়ারিস বলেন, গত বুধবার পাঞ্জাব প্রদেশের থিক্রিওয়ালা গ্রামের কাছে এই দম্পতিকে হত্যা করা হয়। একটি খালে ভেসে ওঠার পর তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
ওয়ারিস বলেন, চার বছর আগে আকসা বিবি (২২) ও শাকিল আহমেদ (২৬) আদালতে বিয়ে করেন। তারা উভয়েই স্থানীয় একটি ফার্মেসীতে কাজ করতেন। আকসা সন্তানসম্ভবা ছিলেন। যদিও তাৎক্ষণিকভাবে জানা যায়নি তিনি কয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাদের এই বিয়ে আকসার পারিবার মেনে নিতে পারেনি। এই ঘটনায় তারা ক্ষুব্ধ হয়।
আকসার পরিবারের সদস্যরা পাশের একটি গ্রামে থাকত। সম্প্রতি মুহাম্মাদ মোয়াবিয়া নামে আকসার এক ভাই বিদেশ থেকে দেশে ফিরে আসেন। তিনি তার বোন ও ভগ্নিপতিকে অপহরণের জন্য এসে আত্মীয়দের জড়ো করেন। অপহরণের পর তারা আকসা ও শাকিলের মাথায় গুলি করে হত্যা করে তাদের মৃতদেহ খালে ফেলে দেয়।
ওয়ারিস বলেন, এই ঘটনায় অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতার করতে অভিযান চলছে। অপর পুলিশ কর্মকর্তা মুহাম্মাদ আজহার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এএফপি।