বোমাতঙ্কে কলকাতায় বিমানবন্দরে তল্লাশি

বোমা রয়েছে এমন খবর পেয়ে কলকাতায় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তল্লাশি চালিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে আসা একটি কলের উপর ভিত্তি করে এই তল্লাশি চালানো হয়।স্থানীয় সময়  ৮টা ২০ মিনিটে ফোন কলটি রিসিভ করেন কাউন্টারে নিয়োজিত কর্মী। 
 
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি চেক-ইন কাউন্টারে ফোন রিসিভ করলে ওই প্রান্ত থেকে এক নারী কণ্ঠে জানানো হয়, গৌহাটিগামী প্লেনে বোমা রয়েছে। ফ্লাইটটি উড্ডয়নের শিডিউলের ঠিক আগ মুহূর্তের ওই ফোন কলে সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 
ফোন পাওয়ার পর কোনোরকম ঝুঁকি না নিয়ে তল্লাশি শুরু করে কর্তৃপক্ষ। উপস্থিত ১১৪ যাত্রীর বোর্ডিং বন্ধ রেখে বোমা সনাক্তকরণ ও নিস্ক্রিয়করণ টিম শুরু করে তল্লাশি।
 
তবে এ বিষয়ে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া ‍যায়নি। বিমানবন্দর সূত্রে জানা যায়, এ বিষয়ে নিশ্চিত হওয়ার পরই ফ্লাইটটি ছাড়া হবে। এনডিটিভি
 
ইত্তেফাক/এমএইচ