ভারতের রাজধানী দিল্লিতে প্রকাশ্যে কমপক্ষে ২৬ বার ছুরিকাঘাত করে এক নারীকে হত্যা করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, করুণা নামের ওই তরুণীকে ক্রমাগত ছুরিকাঘাত করার সময়ে আশেপাশে কমপক্ষে ৬জন মানুষ দাঁড়িয়ে থাকলেও কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি।
বিগত ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বারের মতো দিল্লিতে প্রকাশ্যে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো। ৩২ বছর বয়সী এক বিবাহিত নারীকে তার কথিত প্রেমিক ছুরিকাঘাত করে হত্যার সময়েও ঘটনাস্থলে থাকা প্রতিবেশীরা কোনো প্রতিক্রিয়া জানায়নি। ওই হত্যাকারী এরপর আত্মহত্যা করে।
করুণার হত্যাকারী সুরেন্দর সিংকে গ্রেফতার করা হয়েছে। উত্তর দিল্লির বুরারির ব্যস্ত সড়কে এই ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজে দিল্লি বাসিন্দাদের অসংবেদনশীলতার এক নিদারুণ চিত্র ফুটে উঠেছে। করুণাকে যখন উপর্যুপরি ছুরিকাঘাত করা হচ্ছিল তখন সে প্রাণপণ বাঁচার চেষ্টায় সবার দিকে সাহায্যের জন্য কাকুতি মিনতি করছিল। কেউ একবার তাকিয়ে সামনে এগিয়ে যাচ্ছিল এবং বাকিরা ভীতির সঙ্গে পরিস্থিতি দেখছিল কিন্তু কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এমনভাবে ৩০ বার ছুরিকাঘাত করার পরে করুণা নিশ্চল হয়ে পড়ে। কিন্তু সে তারপরেও কয়েকবার ছুরিকাঘাত করে এবং একটি পাথর দিয়ে তার মাথায় আঘাত করে। মোটর সাইকেলে করে চলে যাওয়ার আগে করুণার নিশ্চল দেহে লাথি মেরে যায়। ঘটনাস্থলে থাকা মনীশ কুমার নামের একজন করুণাকে হাসপাতালে নিয়ে যান।
করুণার পরিবার জানিয়েছে হত্যাকারী সুরেন্দরের বিরুদ্ধে তাদের মেয়েকে উত্ত্যক্ত করার বিষয়ে পাঁচ মাস আগেই অভিযোগ দায়ের করা হয়েছিল। কিন্তু তারপরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। পুলিশ দাবি করেছে, দুই পরিবারের মধ্যে সমঝোতার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয়ে গিয়েছিল। এনডিটিভি।
ইত্তেফাক/এসএসএ