ইসলামাবাদ ও নয়াদিল্লীর মধ্যে সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।
নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনের ফাঁকে গত সোমবার রাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান। খবর আনন্দবাজার পত্রিকা ও এনডিটিভির।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরিতে সেনাদপ্তরে সন্ত্রাসী হামলার ফলশ্রুতিতে পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে নওয়াজ কেরি ও মের সঙ্গে ওই বৈঠক করেন। কেরির সঙ্গে বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী কাশ্মীর ইস্যু নিয়ে তার দেশ এবং ভারতের মধ্যে বিবাদের নিষ্পত্তি করতে ওয়াশিংটনকে এগিয়ে আসার আহ্বান জানান। শরিফ কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরেন।
তিনি বলেন, গত দুই মাসে কাশ্মীরে ১০৭ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে, কয়েকশ মানুষ আহত হয়েছেন। রাষ্ট্রীয় ‘সন্ত্রাসের’ জেরে মানবাধিকার লঙ্ঘন সেখানে রোজকার ঘটনা। কিন্তু এসব কথার জবাবে কেরি শুধু সন্ত্রাসবাদ ও কট্টরপন্থার বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন, কাশ্মির বা ভারত নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি।
কেরির সঙ্গে বৈঠকের পাশপাশি নওয়াজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মের সঙ্গেও বৈঠক করেন। ওই বৈঠকেও তিনি কাশ্মির প্রসঙ্গ তুলে ধরেন। কিন্তু মে শুধু আর্থিক স্থিতাবস্থা আনতে ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের প্রচেষ্টাকে অভিনন্দন জানান। কেরির মতো তিনিও কাশ্মীর নিয়ে কোনো কথা বলেননি। ভারতের সংবাদমাধ্যম এবিপি আনন্দের এক প্রতিবেদনে জানানো হয়, অন্যান্যবারের মত এবারও কাশ্মির নিয়ে পাকিস্তানি কর্তৃপক্ষের কথা-বার্তা আন্তর্জাতিক পরিমণ্ডলে তেমন কোনো পাত্তা পায়নি।
ইত্তেফাক/এমআই