থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় ইয়ালা প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা বোমা ও গুলির ঘটনায় তিন পুলিশ কর্মকর্তা নিহত ও আরো দুইজন আহত হয়েছে। এ ঘটনায় একজনের অবস্থা আশঙ্কাজনক। গত শুক্রবার এ হামলার ঘটনা ঘটে বলে পুলিশের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা জানিয়েছেন। খবর রয়টার্সের।
ইয়ালা প্রদেশে মুসলিম বিচ্ছিন্নতাবাদীদের বসবাস। রাষ্ট্রের বিরুদ্ধে লোক খেপিয়ে তোলার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। গত একমাস জুড়ে দেশটির তিনটি প্রধান পর্যটন শহরে সিরিজ বোমা হামলার পর এ ঘটনা ঘটল। এসব হামলায় ৪ জন নিহত ও অসংখ্য মানুষ আহত হয়েছিল। পর্যটকদের লক্ষ্য করে হামলা আরো বেড়ে যায় কিনা এ নিয়ে তখন জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।
পুলিশের লেফটেন্যান্ট কর্নেল চ্যামনান ভুতপাকদি বলেছেন, পুলিশের দুটি পিকআপ ট্রাক রাস্তা দিয়ে যাওয়ার সময় পেতে রাখা বোমায় প্রথম ট্রাকটি বিধ্বস্ত হয়। এতে তিন জন কর্মকর্তা নিহত হন। বিদ্রোহীরা তখন দ্বিতীয় গাড়িতে গুলি শুরু করে। এতে দুই জন কর্মকর্তা আহত হয়। এদের একজনের অবস্থা আশঙ্কাজনক।
ইত্তেফাক/এমএএস