আফ্রিকার দেশ কঙ্গোর কানানগা শহরে দুইদিনের সংঘর্ষে অন্তত ১০জন নিহত হয়েছেন। শনিবার দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে আধা-সামরিক গোষ্ঠীর সংঘর্ষে নিহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
গত আগস্টে আধা-সামরিক বাহিনীর নেতা সামরিক বাহিনীর হাতে নিহত হওয়ায় প্রতিশোধ নেয়ার সুযোগ খুঁজছিল বাহিনীটি। শুক্রবার ওই আধা-সামরিক বাহিনীর যোদ্ধারা শহরটির বিমানবন্দরে হামলা চালিয়ে একজন বিমানকর্মীকে হত্যা করে।
বিমানবন্দরে নিহত ফ্ল্যাইট অ্যাটেন্ডেন্টের লাশ দেখতে পেয়েছেন এমন একজন প্রত্যক্ষদর্শী কিলি ইলুনগা বলেন, “তারা হালকা ও ভারী অস্ত্র দিয়ে প্রবল লড়াই করছিলেন।
অপর একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি বেশ কয়েকজন বিদ্রোহী-যোদ্ধার লাশ বিমানবন্দরে পড়ে থাকতে দেখেছেন। নিহতের সংখ্যা নিশ্চিত করা সম্ভব না হলেও বিভিন্ন প্রতিবেদন থেকে ধারণা করা হচ্ছে ১০ থেকে ১৩ জন নিহত হয়ে থাকতে পারেন।
তবে সরকারি মুখপাত্র ল্যাম্বার্ট মেনদের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এর আগে চলতি সপ্তাহের প্রথমদিকে দেশটির প্রেসিডেন্ট জোসেফ কাবিলার বিরুদ্ধে রাজধানী কিনসাসায় বিক্ষোভ-সহিংসতায় অন্ততপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। বিবিসি
ইত্তেফাক/এমএইচ