শার্লট সফর পেছালেন হিলারি

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন শুক্রবার নর্থ ক্যারোলাইনার শার্লটে তার সফর স্থগিত করেছেন। নগরীর মেয়র দুই প্রধান প্রার্থীর সফর বিলম্ব করার আহবান জানানোর পর হিলারি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে তার প্রচারণা শিবির জানিয়েছে।
 
এর আগে তার প্রচারণা শিবির জানিয়েছিল, হিলারি রোববার ওই এলাকা সফর করবেন। পুলিশের গুলিতে এক আফ্রিকান-আমেরিকান নিহত হওয়ার প্রেক্ষাপটে শার্লটে কয়েক দিন ধরে বিক্ষোভ হচ্ছে।
 
হিলারির প্রচারণা শিবির এক বিবৃতিতে বলেছে, কম্যুনিটি নেতাদের সঙ্গে আলোচনার পর হিলারির রবিারের সফর স্থগিত করা হয়েছে। এতে আরো বলা হয়েছে, পরিস্থিতি সব ঠিকঠাক থাকলে তিনি পরবর্তী রবিবার শার্লট যাওয়ার পরিকল্পনা করবেন।
 
শার্লট মেয়র জেনিফার রবার্টস এর আগে হিলারি ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সফর বিলম্ব করার জন্য অনুরোধ করেছিলেন। 
 
গত মঙ্গলবার পুলিশের গুলিতে আফ্রিকান আমেরিকান কেইথ ল্যামন্ট স্কট নিহত হন। পুলিশের গুলিতে কোন কৃষ্ণাঙ্গ হত্যার এটি সর্বশেষ ঘটনা। এ নিয়ে আমেরিকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
 
এ প্রেক্ষাপটে শার্লটে গত তিন রাত সহিংস বিক্ষোভ হয়েছে। পরিস্থিতি এতই ভয়াবহ হয়ে ওঠে যে গভর্নর নগরীতে জরুরী অবস্থা জারি করতে বাধ্য হন। শুক্রবার রাতেও শতশত বিক্ষোভকারী বাইরে বেরিয়ে আসেন। তারা পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ হত্যার ভিডিও প্রকাশের দাবি জানাচ্ছিলেন।
 
ইত্তেফাক/এমএইচ