আলেপ্পোয় পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে

সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোয় পানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। জাতিসংঘ জানিয়েছে, পানি না থাকায় শহরের প্রায় ২০ লাখ মানুষ প্রচণ্ড দুর্ভোগের মধ্যে পড়েছেন। আলেপ্পো থেকে বিদ্রোহীদের তাড়াতে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে সিরিয়া ও রাশিয়া।
 
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা জানিয়েছে, তীব্র বোমাবর্ষণের মুখে শহরের একটি পাম্পিং স্টেশনের মেরামত কাজ বন্ধ হয়ে যায়। ওই স্টেশন থেকে শহরের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলো পানি সরবরাহ করা হত। এর প্রতিশোধ হিসেবে শহরের অন্যান্য অংশে পানি সরবরাহের পাম্প স্টেশনগুলোও বন্ধ করে দেয়া হয়। ফলে কার্যত পুরো আলেপ্পোই এখন পানি বিহীন হয়ে পড়েছে।
 
কয়েক মাসের মধ্যে গত শুক্রবার আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সবচেয়ে ভারি বোমা বর্ষণ করা হয়। গত সোমবার সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যকার অস্ত্রবিরতি ভেঙে পড়ে। বিদ্রোহীদের হটাতে শনিবারও নতুন করে এলাকাগুলোতে বোমা ফেলা হয়।
 
ইউনিসেফের ডেপুটি ডিরেক্টর জাস্টিন ফরসিথ বিবিসিকে বলেছেন, 'সারা পৃথিবীর চোখের সামনেই ধীরে ধীরে মরে যাচ্ছে আলেপ্পো। বোমা মেরে পানি সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। আলেপ্পোয় অমানবিকতার সর্বশেষ ঘটনা এটি।'
 
পানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ফলাফল মারাত্মক হতে পারে বলে ইউনিসেফের কর্মকর্তাদের আশঙ্কা। শহরের বাসিন্দাদের বাধ্য হয়ে দূষিত পানি পান করতে হতে পারে। এর ফলে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। সূত্র: বিবিসি/ইত্তেফাক/এমএএস