যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় পুলিশ গুলি চালিয়ে কৃষ্ণাঙ্গকে হত্যার ভিডিও প্রকাশ করলো নিহতের স্ত্রী। শুক্রবার ভিডিও প্রকাশের পর সন্ধ্যায় লোকজন বিক্ষোভ করে। এ ঘটনায় রাজ্যে জরুরি অবস্থা জারি রয়েছে এবং দ্বিতীয় দিনের মতো মধ্যরাত পর্যন্ত কারফিউ অব্যাহত থাকে।
নিহত কৃষ্ণাঙ্গ কেইথ স্কটের (৪৩) স্ত্রী রাকিয়া স্কটের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশ তাদের গাড়ি ঘিরে ফেলেছে। রাকিয়া তার স্বামীকে গাড়ি থেকে বের হতে বলছেন। এরপর তিনি পুলিশকে অনুরোধ করে বলেন, আমার স্বামীকে গুলি করো না। এদিকে পুলিশ কেইথের কাছে বন্দুক থাকার কথা জানালেও ভিডিওতে তেমনটি দেখা যাচ্ছে না। গত মঙ্গলবার কেইথকে গুলি করে হত্যা করা হয়।
ভিডিও প্রকাশের পর সন্ধ্যায় বিক্ষুব্ধ একশ’র মতো জনতা রাস্তায় নামে। তবে গত তিন রাতের বিক্ষোভের তুলনায় এ বিক্ষোভ কিছুটা কম মাত্রায় ছিল। বিক্ষোভকারীরা দোকানপাট লুট করে, পুলিশের ওপর ইট, পাথরসহ বিভিন্ন কিছু ছুঁড়ে মারে। বিক্ষুব্ধ জনতা ‘বিচার নেই, শান্তি নেই’ এবং ‘ভিডিও প্রকাশ কর’ বলে শ্লোগান দিতে থাকে। এসময় তারা পুলিশকে তাদের শরীর ও গাড়ির ওপর লাগানো ক্যামেরার ছবি প্রকাশ করার আহ্বান জানায়। এর আগে এ হত্যার ঘটনায় মঙ্গল ও বুধবার রাতে পুলিশের সাথে দাঙ্গাকারীদের সংঘর্ষ হয়। এদিকে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন বিক্ষোভে যোগ দেন। এসময় তিনি বলেন, আমরা ন্যায়বিচার নিশ্চিত করব এবং বিভক্তি নস্যাৎ করে সেতুবন্ধন তৈরি করতে কাজ করব।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা স্থানীয় গণমাধ্যম ও সিএনএন’কে জানিয়েছেন, ঘটনাস্থলে গুলিভর্তি একটি বন্দুক পাওয়া গেছে এবং তাতে নিহতের হাতের ছাপ ও ডিএনএ পাওয়া গেছে। কিন্তু পুলিশ আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। এছাড়া ভিডিও প্রকাশের জন্য শার্লট শহরের নেতাদের ওপর দিনদিন চাপ বাড়ছে। সূত্র:বিবিসি