জর্ডানে ব্লাসফেমি আইনে বিচারাধীন লেখককে হত্যা

ইসলাম ধর্মকে অপমান করার অভিযোগে মামলা চলছিল এমন একজন লেখককে গুলি করে হত্যা করা হয়েছে জর্ডানে। নাহিদ হাত্তার নামের এই লেখক তার ফেসবুক পেজে একটি কার্টুন পোস্ট করেছিলেন। অভিযোগ করা হয় ইসলামকে কটাক্ষ করতে কার্টুনটি পোস্ট করেছিলেন হাত্তার।
 
হাত্তার রাজধানী আম্মানের একটি আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে ছিলেন। এসময় তাকে লক্ষ্য করে পর পর তিনটি গুলি করে এক দুর্বৃত্ত। ব্লাসফেমির অভিযোগে খ্রিস্টান ধর্মাবলম্বী হাত্তারের বিচার চলছিল ওই আদালতে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেত্রার বরাত দিয়ে বিবিসি অনলাইন এই খবর জানিয়েছে।
 
টেলিভিশনের খবরে জানানো হয়, হত্যাকারীকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্লাসফেমির অভিযোগে গত আগস্টে ১৫ দিন কারাগারে ছিলেন এই লেখক। তিনি যে কার্টুনটি পোস্ট করেছিলেন তাতে দুজন নারীর পাশে একজন দাড়িওয়ালা লোককে বিছানায় শুয়ে ধূমপান করতে দেখা যায়। শুয়ে শুয়ে তিনি মদের জন্য প্রার্থনা করছিলেন।
 
ইসলামবিরোধী অবস্থানের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে হাত্তারের বিরুদ্ধে সমালোচনা করা হচ্ছিল। তবে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন যে ইসলাম অবমাননার কোন ইচ্ছা ছিল না তার। মৌলবাদীরা জান্নাতকে কিভাবে চিন্তা করে সেটা উন্মোচন করাই এই তার কার্টুনের উদ্দেশ্য ছিল। ইত্তেফাক/এমএএস