কিম জং নামের হত্যাকাণ্ডের পেছনে উ. কোরিয়া: দ. কোরিয়া

দক্ষিণ কোরিয়া বলেছে, তাদের বিশ্বাস কিম জং নামের হত্যাকাণ্ডের পেছনে রয়েছে উত্তর কোরিয়া। গত সপ্তাহে কুয়ালালামপুর বিমানবন্দরে নিহত নাম উ. কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই।
 
 
দুই কোরিয়া একত্রীকরণ মন্ত্রণালয়ের দ. কোরিয়া মুখপাত্র বলেছেন, আমরা বিশ্বাস করি এই হত্যাকাণ্ডের পেছনে উ. কোরিয়া সরকারই আছে, কারণ সন্দেহভাজন ৫ জনই উত্তর কোরীয়। মালয়েশীয় সরকার ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতায় ১ জন উত্তর কোরীয়কে আটক করেছে এবং আরো চার জনের খোঁজে অভিযান চলছে বলে জানিয়েছে।
 
রবিবার সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার ডেপুটি পুলিশ প্রধান নুর রশিদ ইসমাইল চার উ কোরীয় সন্দেহভাজনের কথা নিশ্চিত করেন। তিনি বলেন, ওই সন্দেহভাজন চার উ. কোরীয় নাগরিক নাম নিহত হওয়ার দিন মালয়েশিয়া ছেড়ে গেছেন। ওই সময় তাদের কাছে সাধারণ পাসপোর্ট ছিল, কূটনৈতিক পাসপোর্ট নয়।
 
 
মালয়েশিয়া পুলিশ মনে করছে, কিম জং নাম ম্যাকাউ যাওয়ার বিমান ধরতে কুয়ালালামপুর বিমানবন্দরে আসলে সেখানে তার মুখে বিষ স্প্রে করা হয়। ইতিমধ্যে চারজন ব্যক্তিকে তার হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন উ. কোরীয়, একজন ইন্দোনেশীয় নারী, একজন মালয়েশিয়ান পুরুষ এবং ভিয়েতনামের পাসপোর্টধারী এক নারীয় রয়েছেন। গ্রেফতার হওয়া ইন্দোনেশীয় নারী সিতি আইসিয়াহ জানিয়েছে, তাকে কৌতুক ভিডিও (প্র্যাঙ্ক) শ্যুট করা হবে বলে ভাড়া করা হয়েছিল। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির