'বিতর্কিত' ইসলামী বক্তা জাকির নায়েকের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন বা আইআরএফ-তে অর্থ সাহায্য করতো পাকিস্তানে আশ্রয় পাওয়া ও মুম্বাই বিস্ফোরণের প্রধান আসামী দাউদ ইব্রাহিম। এ কথা জানিয়েছে জাকির নায়েকের চিফ ফিনান্সিয়াল অফিসার আমির গজদার।
বেআইনিভাবে অর্থ লেনদেনের অভিযোগে ১৬ তারিখ আমির গজদারকে গ্রেফতার করে ভারতের ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাদের সন্দেহ, জাকির নায়েক ও তার এনজিও-র হয়ে ২০০ কোটি রুপি লেনদেন করেছে এই আমির।
জিজ্ঞাসাবাদে আমিরই ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটদের জানায়, দাউদের অর্থ জাকিরের এনজিও-তে ঢুকতো।
এই তথ্য পেয়ে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট দাবি করছে, জাকিরের সঙ্গে পাকিস্তানেরও যোগাযোগ রয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত করবে তারা।
ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর দাবি, জাকির নায়েক তার এনজিও ও অন্যান্য ট্রাস্টের কাজকর্ম নিজের মুঠোর মধ্যে রাখতেন। আইআরএফ ছাড়াও ভারত ও ভারতের বাইরে আরও বেশ কিছু ট্রাস্ট চালাচ্ছিলেন তিনি। তার সঙ্গে ট্রাস্টগুলোর কাজকর্ম দেখত তার ভাই মুহাম্মদ নায়েক ও ঘনিষ্ঠ সহযোগী আমির গজদার।
এছাড়াও ভারত ও ভারতের বাইরে জাকির তৈরি করেছিলেন বেশ কিছু ডামি কোম্পানি। উস্কানিমূলক বক্তৃতাসহ অন্যান্য নানা বেআইনি কাজকর্মের মাধ্যমে যে অর্থ ঢুকত তার ফান্ডে, সেই অর্থের অন্য খাতে খরচ দেখানোর জন্য তৈরি হয়েছিল ওই কোম্পানিগুলো। আমির গজদার অন্তত ৬টি কোম্পানির ডিরেক্টর ছিল।
ইত্তেফাক/মনসুর