সোমালিয়ার নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল্লাহি মোহাম্মদের অভিষেককে সামনে রেখে রাজধানী মোগাদিসুতে বুধবার নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানীর রাস্তাঘাট জনসাধারণের জন্য বন্ধ করে দেয়া হয়েছে এবং বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করা হয়েছে।
বিমানবন্দরের কঠোর নিরাপত্তা বেষ্টিত এলাকায় আব্দুল্লাহি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। আল-কায়েদা সংশ্লিষ্ট শাবাব জঙ্গি গোষ্ঠীর হামলা এড়াতে এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। জঙ্গি গোষ্ঠীটি তার সরকারের বিরুদ্ধে ‘যুদ্ধের’ হুমকি দিয়েছে। ফারমাজো নামেই আব্দুল্লাহি অধিক পরিচিত।
পুলিশ কর্মকর্তা ইব্রাহীম মোহাম্মদ বলেন, ‘গত রাতেই রাজধানী ও এর আশপাশের সকল রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। জনসাধারণের জন্য চলাচল নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের গাড়িকে চলাচলের অনুমতি দেয়া হয়েছে।’ তিনি আরো বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে এই পদক্ষেপ নেয়া হয়েছে এবং আজ সব ধরনের বাণিজ্যিক বিমান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র বিশেষ প্রতিনিধিদের বহনকারী বিমানকেই চলাচলের অনুমোদন দেয়া হয়েছে।’
রাজধানীর স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোও বন্ধ রাখা হয়েছে। দুই সপ্তাহ আগে আইন প্রণেতারা ফারমাজোকে নির্বাচিত করতে একটি বিমানবন্দরের হ্যাঙ্গারে জড়ো হয়েছিলেন। তখনও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল। অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে জিবুতির প্রেসিডেন্ট ইসমাইল ওমর গুয়েলে ও ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হাইলেমারিয়াম দেসালেগ এবং কুয়েত ও মিশরের প্রতিনিধি দলের সদস্যরা ইতোমধ্যেই মোগাদিসুতে পৌঁছেছেন। এএফপি।
ইত্তেফাক/সাব্বির