কিম জঙ-নেম হত্যাকাণ্ডের জন্য মালয়েশিয়াকে দায়ী করে বেশ কড়া বক্তব্য প্রদান করেছে উত্তর কোরিয়া। নেম হত্যা নিয়ে এমনিতেই দেশ দুটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে উত্তর কোরিয়ার বেশ কিছু নাগরিককে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে। আর এরপরই মন্তব্য করল উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ'র একটি প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি জানায়, সেখানে সরাসরি কিম জঙ-নেমের নাম ব্যবহার করা হয়নি। কিন্তু এই প্রতিবেদনের মাধ্যমে প্রথমবারের মত দেশটি নেম হত্যার বিষয়টি মেনে নিল।
কুয়ালালামপুর বিমানবন্দরে বিষ প্রদান করে হত্যা করা হয় কিম জঙ-নেমকে। এয়ারপোর্ট থেকে তার লাশ হাসপাতাল মর্গে এনে রাখা হয়। বর্তমানে সেখানেই কড়া নিরাপত্তায় তার লাশ রাখা আছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল সন্দেহে বেশ কয়েকজন উত্তর কোরিয়ান নাগরিকের নাম ঘোষণা করেছে মালয়েশিয়া। সেই সঙ্গে বেশ কয়েকজন উত্তর কোরিয়ান নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ।
এই ঘটনায় ইন্টারন্যাশনাল পুলিশ এজেন্সির (ইন্টারপোল) সাহায্য চেয়েছে মালয়েশিয়ার পুলিশ বিভাগ। বিবিসি।
ইত্তেফাক/রাফাত