পুলিশ সদস্যদের সাজার প্রতিবাদে হংকংয়ে বিক্ষোভ

বিক্ষোভকারীকে প্রহারে অভিযুক্ত সাত পুলিশ সদস্যের সমর্থনে হাজার হাজার পুলিশ কর্মকর্তা মিছিল করেছে। গত বুধবার রাতে হংকংয়ে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পুলিশের এমন বিরল বিক্ষোভ আগে কখনো দেখা যায়নি। 
 
২০১৪ সালে গণতন্ত্রপন্থী বিক্ষোভে কেন স্যাং নামে এক সমাজকর্মী ও বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। এসময় হাতকরা পরা অবস্থায় আটক ব্যক্তিকে প্রহার করে তারা। তাকে লাথি ও ঘুষি মারা হয়। এ অভিযোগে গত সপ্তাহে ঐ পুলিশ সদস্যদের দুই বছরের জেল হয়েছে। পুলিশের এহেন ঘটনা জনগণকে হতবিহ্বল করে ফেলে। তবে ঐ সময় স্যাংও পুলিশের আক্রমণের পাল্ট জবাব দেওয়ায় তাকেও দোষী দেখানো হয়েছে।
 
সাজা দেওয়ার ঘটনা পুলিশ কর্মকর্তাদের ক্রোধান্বিত করেছে। তারা মনে করে, এটি অবিচার ও কঠোরতার নামান্তর। এ ঘটনায় পুলিশ এসোসিয়েশনের উদ্যোগে বুধবার রাতে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। প্রায় ৩৩ হাজার লোক পুলিশ বিনোদন গ্রাউন্ডে অবস্থান নেয়। আয়োজকেরা জানিয়েছেন, দণ্ডপ্রাপ্তরা তাদের দন্ডের বিরুদ্ধে আপিল করেছে সে বিষয়ে ও তাদের নাম খারিজ করার বিষয়ে তারা সহায়তা দিতে চান। দুই ঘন্টা ধরে মিছিলটি হয়। এসময় লোকজন “ন্যায়বিচারের জন্য যুদ্ধ” করার কথা বলে চিৎকার করতে থাকে। 
 
হংকং জুনিয়র পুলিশ এসোসিয়েশনের চেয়ারম্যান চ্যান চো কাওং রয়টার্সকে জানান, পুলিশরা হচ্ছে পেশাজীবী ও তাদেরকে অনেক অপমান সইতে হয়। কিন্তু আমাদের ভিন্নমত রয়েছে, আমরা মনে করি, কিছু অপমান আমাদের আমাদের সহ্য করা উচিত নয়। কেননা  এতে আইন ও শৃঙ্খলাকে অমান্য করা হয়। 
 
রায়ে বিচারক ডেভিড ডাফটন বলেন, তারা অপরিমেয় চাপ নিয়ে কাজ করে থাকেন কিন্তু ঐ ধরনের মারামারির মতো কাজ করার কোন যৌক্তিকতা নেই। এদিকে অভিযুক্ত কর্মকর্তাদের আইনজীবীসহ কয়েকজন পুলিশ সদস্য যুক্তি দেন, ঐ সময় পুলিশ সদস্যদের শারীরিক ও মৌখিক বহু অকথ্য কথা সহ্য করতে হয়। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির