ক্যালিফোর্নিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ৪

আমেরিকার ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের কাছে এক আবাসিক এলাকায় ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৪জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৫জন এখনো নিখোঁজ রয়েছে।  সোমবার রাতে কর্তৃপক্ষ একথা জানায়।
 
ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের মুখপাত্র আইয়ান গ্রিগর বার্তা সংস্থা এএফপিকে বলেন, রিভারসাইড মিউনিসিপাল এয়ারপোর্টের প্রায় আধা-মাইল উত্তরপূর্বে স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে সেসনা ৩১০ বিমানটি বিধ্বস্ত হয়। তবে বিধ্বস্তের কারণ জানা যায়নি।  
 
নগরীর অগ্নিনির্বাপক প্রধান মাইকেল মুরি সংবাদমাধ্যমে বলেন, বিমানের যাত্রীরা রিভারসাইড থেকে সান জোসেতে যাচ্ছিল। এসময় হঠাৎ এটি চক্কর দিয়ে দু’টি বাড়িতে আছড়ে পড়লে এ মর্মান্তিক ঘটনা ঘটে।  
 
মুরি আরো জানান, প্রাণে বেঁচে যাওয়া এক কিশোরীকে বিমানের ভেতর থেকে বের করে আনা হয়েছে। এতে আগুন ধরে যাওয়া একটি বাড়ি থেকে আশংকাজনক অবস্থায় অন্য এক বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে।
 
কর্তৃপক্ষ নিখোঁজ ৫জনকে উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু