রাসায়নিক অস্ত্র ব্যবহার প্রশ্নে সিরিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপ করা হবে কি হবে না সে বিষয়ে খসড়া প্রস্তাবের ওপর মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হবে। কূটনীতিকরা একথা জানান।
এদিকে রাশিয়া তাদের মিত্র দেশ সিরিয়ার বিরুদ্ধে এমন পদক্ষেপ নেয়া হলে তার বিরুদ্ধে ভেটো দেয়ার অঙ্গীকার করেছে। আর এটা ঘটলে দামেস্ককে রক্ষায় মস্কোর তা হবে সপ্তম ভেটো প্রয়োগ। মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১ টায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের খসড়া প্রস্তাবে প্রায় ছয় বছরের যুদ্ধে রাসায়নিক হামলা সংশ্লিষ্ট সিরিয়ার ১১ জন নাগরিক ও ১০ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে। এতে সিরিয়ার সামরিক বাহিনী বা সরকারের কাছে হেলিকপ্টার এবং সংশ্লিষ্ট সরঞ্জামাদি বিক্রি, সরবরাহ বা হস্তান্তর নিষিদ্ধ করা হবে।
জাতিসংঘ নেতৃত্বাধীন একটি তদন্তে দেখা যায়, ২০১৪ ও ২০১৫ সালে সিরিয়ার বিমান বাহিনী বিরোধী গ্রুপের দখলে থাকা তিনটি গ্রামে হেলিকপ্টার থেকে রাসায়নিক বোমা ফেলে। এরপর নিষেধাজ্ঞার এ প্রস্তাব উত্থাপন করা হয়। যদিও সিরীয় সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ বারবার প্রত্যাখ্যান করে আসছে। এএফপি।
ইত্তেফাক/সাব্বির