ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় ৪ আল-কায়েদা জঙ্গি নিহত

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার দুটি মার্কিন ড্রোন হামলায় অন্তত চারজন সন্দেহভাজন আল-কায়েদা সদস্য নিহত হয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে একটি বিতর্কিত মার্কিন কমান্ডো অভিযানের মাত্র মাসখানেক পর এ ড্রোন হামলার ঘটনা ঘটলো।
 
একজন প্রাদেশিক নিরাপত্তা কর্মকর্তা বলেন, প্রথম ড্রোন হামলাটি চালানো হয় শাবোয়া প্রদেশের ইয়াশবুম উপত্যকায় এক পরিচিত আল-কায়েদা নেতার বাড়ি টার্গেট করে। তিনি বলেন, হামলার সময় বাড়ির বাইরে দাঁড়ানো চার আল কায়েদা সদস্যই নিহত হয়।
 
এক নিরাপত্তা সূত্র জানায় দ্বিতীয় হামলাটি চালানো হয় অবিয়ান প্রদেশের জঙ্গি-নিয়ন্ত্রিত শাকরা শহরে আল-কায়দার একটি অবস্থান টার্গেট করে। এ হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তা তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির